প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এম ওমর তৈয়ব। ব্যাংকিং খাতে দীর্ঘ কর্মজীবনে তিনি ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই, কনজ্যুমার ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সৈয়দ এম ওমর তৈয়ব বর্তমানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নতুন এই পদের পাশাপাশি তিনি সেই দায়িত্বও পালন করে যাবেন। ২০২০ সালে প্রাইম ব্যাংকে যোগদানের আগে তিনি কমিউনিটি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ইএমবিএ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট (সিএসএ) সনদ অর্জন করেছেন। এছাড়া ইনস্টিটিউট ফর মার্জার্স, অ্যাকুইজিশনস অ্যান্ড অ্যালায়েন্সেস থেকে ইন্টারন্যাশনাল মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস সার্টিফিকেশনও রয়েছে তাঁর ঝুলিতে। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় নিয়মিত অংশগ্রহণ করেছেন।
সূত্র: প্রথম আলো































