দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট অধিনায়ক ডিন এলগার পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ মৌসুমের শেষে তিনি তার ২১ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন। বর্তমানে ৩৯ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ২০২৪ সালে ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্সে যোগ দিয়েছিলেন।
নিজের দীর্ঘ ক্যারিয়ারে এলগার ৫০০-এর বেশি ম্যাচ খেলেছেন, যার মধ্যে রয়েছে ৮৬টি টেস্ট ম্যাচ। টেস্ট ক্রিকেটে ৩৭.৬৫ গড়ে তিনি ৫,৩৪৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি। এসেক্স ক্রিকেটের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এলগার বলেন, আমার মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমার বয়স এখন ৩৯ বছর এবং দেশে আমার পরিবার ও সন্তানরা খুব দ্রুত বড় হয়ে উঠছে। এখন আমার বাড়িতে সময় দেওয়া এবং আমার সঙ্গী ও সন্তানদের পাশে থাকা প্রয়োজন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ বছর প্রতিনিধিত্ব করা এলগার নিজের অধিনায়কত্বকালকে ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি যখন দায়িত্ব নিই তখন টেস্ট র্যাঙ্কিংয়ে আমরা সপ্তম স্থানে ছিলাম, আর যখন শেষ করি তখন আমরা দ্বিতীয় স্থানে উঠে আসি। অধিনায়ক হিসেবে লর্ডসে ইংল্যান্ডকে হারানো আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। তিনি আরও যোগ করেন, ক্যারিয়ারের শুরুতে অনেকেই হয়তো ভাবেননি যে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলতে পারবেন।
অবসর পরবর্তী পরিকল্পনা নিয়ে এলগার জানান, তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবারের সাথে সময় কাটাতে চান। তিনি বলেন, আমি আশা করি মানুষ আমাকে এমন একজন ক্রিকেটার হিসেবে মনে রাখবে যে জেতার জন্য কঠোর পরিশ্রম করেছে, পরাজয়ের পর টুপি খুলে প্রতিপক্ষকে সম্মান জানিয়েছে এবং দলের জন্য নিজের হাড় ভাঙতেও দ্বিধা করেনি।
এসেক্সের ক্রিকেট পরিচালক ক্রিস সিলভারউড এলগারের ভূয়সী প্রশংসা করে তাকে একজন পুরোনো ঘরানার লড়াকু ব্যাটসম্যান হিসেবে বর্ণনা করেছেন। সিলভারউড বলেন, ডিনের ক্যারিয়ার দীর্ঘস্থায়িত্ব, স্থিতিস্থাপকতা এবং ক্রিকেটের প্রতি গভীর প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ। এসেক্সের তরুণ খেলোয়াড়দের তৈরিতে তিনি দারুণ ভূমিকা রেখেছেন। উইকেটে টিকে থাকার এবং জয়ের প্রতি তার ক্ষুধার কারণে তাকে দলে পাওয়াটা ছিল অত্যন্ত আনন্দের।





























