মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবাসহ বলাই নমশূদ্র (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত বলাই নমশূদ্র ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার লাতু থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ভারতীয় একটি চোরাকারবারি চক্র বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল এলাকা দিয়ে মাদক ও অবৈধ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান শুরু করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পালটা গুলি চালালে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা ধাওয়া করে আহত অবস্থায় ওই ভারতীয় চোরাকারবারিকে আটক করতে সক্ষম হন।
আটকের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড .২২ বোরের গোলাবারুদ এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, আটক ব্যক্তি সীমান্তবর্তী একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান শুক্রবার বিকালে জানান, বিজিবি ৫০০ পিস ইয়াবা, দুই রাউন্ড শিসার গুলি এবং একটি পিস্তলসদৃশ অস্ত্রসহ ওই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবি মামলা রুজু করেছে এবং শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিজিবি জানিয়েছে, পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।




























