চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে এই মিছিলটি বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ২০ থেকে ২৫ জনের একটি দল সড়কটি ফাঁকা থাকা অবস্থায় মিছিল বের করে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে চলে যায়। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী ছিল এবং এরপরই নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে এই মিছিলে অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিলের সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়।
ঘটনাটির একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানিয়েছেন, মিছিলের বিষয়ে তিনি কিছুই জানেন না।






























