আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় ওআইসির ২৩তম কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই বৈঠকেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি তুর্কি উপ-পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষই তাদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান চমৎকার সহযোগিতাপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ব্যাপারে উভয় পক্ষই গভীর আগ্রহ প্রকাশ করেছে।





























