বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম আলোচিত ‘ফিফা দুর্নীতি কেলেঙ্কারি’র মামলায় বড় ধরনের অপরাধ স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং নির্বাহী হুগো জিনকিস (৮১) ও তার ছেলে মারিয়ানো জিনকিস (৫১)। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে তারা দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়া ও সম্ভাব্য কারাদণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন। তবে এই চুক্তির শর্ত হিসেবে তাদের ৫০ মিলিয়ন মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা) জরিমানা গুনতে হচ্ছে।
আর্জেন্টিনাভিত্তিক প্রভাবশালী স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-এর মালিক এই বাবা-ছেলে বছরের পর বছর ধরে ফিফা, কনমেবল (দক্ষিণ আমেরিকা) এবং কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা)-এর বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণনস্বত্ব হাতিয়ে নিতে ফুটবল কর্তাদের কোটি কোটি ডলার ঘুষ দিয়েছেন। বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর মিডিয়া স্বত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তারা আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রকদের পকেটে অনৈতিকভাবে অর্থ ঢালতেন।
মার্কিন আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে যে, তারা আন্তর্জাতিক ফুটবল সংস্থাসমূহকে প্রতারিত করার একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। পছন্দের লাভজনক টুর্নামেন্টগুলোর স্বত্ব নিজেদের দখলে রাখতে ফুটবল কর্তাদের ধাপে ধাপে লাখ লাখ ডলার ঘুষ প্রদানের ঘটনা ঘটেছিল।
উল্লেখ্য, ২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখের একটি বিলাসবহুল হোটেলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ঝটিকা অভিযানের মাধ্যমেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এর সহযোগী আঞ্চলিক সংস্থাগুলোর দুর্নীতির থলের বিড়াল বেরিয়ে আসে। সেই আলোচিত অভিযানের অন্যতম মূল অভিযুক্ত ছিলেন এই জিনকিস পরিবার।






























