মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে চলমান আলোচনার মধ্যে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে এবং নিজেদের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিষয়টিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেন, এই চুক্তি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরও উল্লেখ করেন যে, চুক্তির সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার অভিপ্রায় প্রকাশ করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
ব্রিফিংয়ে বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এবং বাংলাদেশ সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেননি। তিনি কেবল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব তাদের যথাযথভাবে পালন করা উচিত।































