নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের আকস্মিক মৃত্যুতে নিজের বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছেন ওসলোর মেয়র অ্যান লিন্ডবো। শুক্রবার তাঁর বাগদত্তা পল স্যান্ডভিডের সঙ্গে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে একই দিন সকালে রাজার মৃত্যুর খবর আসার পর বিয়ের আয়োজন স্থগিত করা হয় বলে মেয়রের রাজনৈতিক উপদেষ্টা নিশ্চিত করেছেন।
প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেয়র লিন্ডবো লিখেছেন, "আপনাকে ছাড়া ওসলো এবং নরওয়ের কথা কল্পনা করা কঠিন। রাজা হওয়ার জন্য আপনার কোনো ভিড়ের প্রয়োজন ছিল না।" তিনি আরও যোগ করেন, "নরওয়ের বেশিরভাগ মানুষ আপনার সাথে কখনো সরাসরি দেখা না করলেও, তারা অনুভব করতেন যেন তারা আপনাকে খুব ভালোভাবেই চেনেন।" পাঁচ বছর একসঙ্গে কাটানোর পর চলতি বছরের জুন মাসে লিন্ডবো ও স্যান্ডভিড তাঁদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। তবে বিয়ের নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
নরওয়ের রাজধানী ওসলোর জাতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে মারা যান রাজা পঞ্চম হারাল্ড। তিনি একটি বিরল রক্তজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘ ৩৫ বছর নরওয়ে শাসন করা এই রাজার মৃত্যুর পর তাঁর পুত্র রাজা অষ্টম হাকন শুক্রবার সিংহাসনে আরোহণ করেন। উল্লেখ্য, নতুন রাজা অষ্টম হাকন ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার পঞ্চম প্রজন্মের বংশধর।
রাজা পঞ্চম হারাল্ড নরওয়ের রাজকীয় ঐতিহ্য ভেঙে একজন সাধারণ নাগরিক সোনিয়াকে বিয়ে করেছিলেন, যিনি পরবর্তী সময়ে রানি সোনিয়া হিসেবে পরিচিত হন। দেশের কঠিনতম সময়ে তিনি সবসময় জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রতীক হিসেবে ভূমিকা পালন করেছেন। কাকতালীয়ভাবে, নিজেদের ৫৮তম বিবাহবার্ষিকীর ঠিক এক দিন আগে মারা যান এই জনপ্রিয় রাজা। তাঁর মৃত্যুতে ওসলোর রাজপ্রাসাদের বাইরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ।
টেলিভিশনে দেওয়া এক শোকবার্তায় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোরে বলেন, রাজার সেবার প্রতি দেশের মানুষ "গভীর শোক ও কৃতজ্ঞতায় ঐক্যবদ্ধ" এবং তাঁর "উত্তরাধিকার বেঁচে থাকবে"। এদিকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস তাঁর "প্রিয় কাজিন"-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাজা পঞ্চম হারাল্ড ছিলেন রাজা চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথের খালাতো ভাই (সেকেন্ড কাজিন)।































