চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চের অংশ হিসেবে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাইয়ে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত এই পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। ওই সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরটি সভাস্থলের পাশ দিয়ে পার হচ্ছিল। ঠিক তখনই এক যুবককে ওই গাড়িবহরের দিকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
লাল কার্ড প্রদর্শনকারী ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য বলে জানা গেছে। তার এমন পদক্ষেপের পর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে প্রশংসাসূচক মন্তব্য করছেন। অন্যদিকে, জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা এই ঘটনার তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে তৌহিদুল ইসলাম নিশান বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং এর ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি ও দুর্ভোগ তৈরি হচ্ছে, তার প্রতিবাদ জানাতেই তিনি এই লাল কার্ড প্রদর্শন করেছেন। তিনি আরও বলেন, "আমার এই লাল কার্ড প্রদর্শনে কোনো একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন, আমি শুধু লাল কার্ডই প্রদর্শন করেছি। এখানে কোনো গালি দিইনি, জুতো বা ঝাড়ু দেখাইনি, এমনকি কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনো গালমন্দ করিনি। একটু বিচার-বিশ্লেষণ করলেই বিষয়টি বোধগম্য হবে।"





























