সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাটিতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই সিরিজটি অনুষ্ঠিত হবে। মূলত আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে এই ত্রিদেশীয় সিরিজটি মাঠে গড়াচ্ছে।
ত্রিদেশীয় এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৭ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান। আগামী ২১ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হওয়ার পর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল ম্যাচ।
তবে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দল দুটির মধ্যে একটি একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
ত্রিদেশীয় সিরিজটি শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১৩ নভেম্বর থেকে।
এই সফর নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, জিম্বাবুয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এর মাধ্যমে আমাদের খেলোয়াড়রা তিনটি ফরম্যাটেই উচ্চমানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। ওয়ানডে ত্রিদেশীয় সিরিজটি দুটি শক্তিশালী দলের বিরুদ্ধে আমাদের শক্তির পরীক্ষা নেবে। পাশাপাশি টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার যে চেষ্টা আমরা করছি, সেখানে এই দুটি টেস্ট ম্যাচ আমাদের জন্য বিশেষভাবে মূল্যবান। এই সফরের আয়োজন করার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং সহযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর সফরের অপেক্ষায় আছি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি) তিনটি ফরম্যাটেই ম্যাচ খেলার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জাতীয় দলকে নিয়মিত ও মানসম্পন্ন আন্তর্জাতিক ক্রিকেট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জিম্বাবুয়ে ক্রিকেটের সাথে আমাদের সম্পর্ককে আমরা অত্যন্ত মূল্যায়ন করি। এই গুরুত্বপূর্ণ সিরিজগুলো সফল করতে তাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।






























