ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর ও ডিসেম্বরে ভোট আয়োজনের পূর্বনির্ধারিত পরিকল্পনা থেকে সরে এসে কমিশন এখন আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, তা থেকে কমিশন সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশনার মাছউদ জানান, নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা থাকা, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বাধ্যবাধকতা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে ভোট আয়োজন করা সম্ভব হচ্ছে না। এসব বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
এর আগে কমিশন নভেম্বরের মাঝামাঝি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করেছিল। প্রাথমিক পরিকল্পনায় ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের ভোট নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল।
এছাড়া ইসি মাছউদ জানান, রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। তবে নির্বাচনের নতুন তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানায়নি নির্বাচন কমিশন।






























