যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটির কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। মার্কিন বিমান বাহিনী দীর্ঘদিন ধরে এই ঘাঁটিটি ব্যবহার করে আসছে। স্থানীয় সময় রবিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পুলিশ তিনটি সন্দেহজনক গাড়ির বিষয়ে তথ্য পায়, যা ঘাঁটির দিকে যাচ্ছিল। এরপর সশস্ত্র পুলিশ সদস্যরা ওয়েলফোর্ড এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। প্রাথমিক পর্যায়ে তাদের বিস্ফোরক আইনের অধীনে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ আনা হয়।
যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স জানিয়েছেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে পাঁচজন পুলিশ হেফাজতে রয়েছে এবং তারা বিভিন্ন অংশীদার সংস্থার সাথে সমন্বয় করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। নিরাপত্তার খাতিরে ওই এলাকার প্রায় ৮৫টি পরিবারকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। বোম্ব ডিসপোজাল টিম বা বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে থাকা কিছু গাড়ি পরীক্ষা করেছে।
ফেয়ারফোর্ড ঘাঁটিটি লন্ডন থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে অবস্থিত এবং ১৯৫০-এর দশকের চুক্তির আওতায় মার্কিন বিমান বাহিনী এটি ব্যবহার করে। ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের পর থেকে মার্কিন সামরিক বাহিনীকে এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। ইরান এর আগে সতর্ক করেছিল যে, তাদের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহৃত যেকোনো ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু। কর্তৃপক্ষ এই গ্রেপ্তার ও ইরানের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে।
প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগো সফরের সময় সাংবাদিকদের জানান, মার্কিন কর্তৃপক্ষ ব্রিটিশ পুলিশের সাথে সমন্বয় করে কাজ করেছে এবং দীর্ঘ নজরদারির পর তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, তারা আমাদের বন্দরের বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করছিল। স্থানীয় বাসিন্দা জুলিয়ান টুবসবেরি জানিয়েছেন, গভীর রাতে তিনটি অস্বাভাবিক ভ্যান গ্রামে প্রবেশ করলে বাসিন্দারা পুলিশকে খবর দেন। বিবিসি-র হেলিকপ্টার ফুটেজে ঘাঁটির কাছে তিনটি সাদা ভ্যানের পাশে একটি রোবটকে কাজ করতে দেখা গেছে, তবে পুলিশ নির্দিষ্ট কোনো গাড়ির সাথে ঘটনার যোগসূত্র এখনো নিশ্চিত করেনি।
মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আরএএফ ফেয়ারফোর্ডে অবস্থানরত কর্মীরা সতর্ক রয়েছেন। ইউএস ইউরোপীয় কমান্ড জানিয়েছে, তারা নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা না করলেও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জনগণকে কোনো ধরনের জল্পনা-কল্পনা না করার অনুরোধ জানিয়ে বলেছেন, জননিরাপত্তাই তাদের সরকারের প্রধান অগ্রাধিকার।





























