প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৫। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানো এবং দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে বাংলাদেশে আমিরাতের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে এবং লজিস্টিকস খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উক্ত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।





























