ইতালিয়ান ক্লাব বোলোগনা ফ্রি এজেন্ট ডিফেন্ডার মাতেও দারমিয়ানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত এক সপ্তাহ ধরে ক্লাবটির অনুশীলনে অংশ নেওয়া এই অভিজ্ঞ খেলোয়াড়কে চলতি সপ্তাহের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ানোর ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৩০ জুন ইন্টার মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে দারমিয়ান বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন। ইন্টারের হয়ে খেলার সময় তিনি সিরি আ, কোপা ইতালিয়া এবং সুপারকোপ্পা ইতালিয়ানা মিলিয়ে মোট নয়টি শিরোপা জিতেছেন। এছাড়াও তিনি ২০২৩ ও ২০২৫ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
বোলোগনার রাইট-ব্যাক এমিল হোল্ম আন্তর্জাতিক বিরতিতে সুইডেনের হয়ে খেলার সময় গুরুতর ইনজুরিতে পড়লে দারমিয়ানের সঙ্গে যোগাযোগের পথ প্রশস্ত হয়। অস্ত্রোপচারের পর হোল্মের মাঠের বাইরে থাকতে হতে পারে প্রায় চার থেকে ছয় মাস। এই শূন্যতা পূরণের লক্ষ্যেই অক্টোবর মাসের শুরু থেকে দারমিয়ান বোলোগনার অনুশীলনে যোগ দেন।
গত এক সপ্তাহ ধরে বোলোগনার কোচিং স্টাফরা দারমিয়ানের ফিটনেস এবং খেলার ধার যাচাই-বাছাই করেছেন। সাংবাদিক জিয়ানলুকা দি মারজিওর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারই এই অভিজ্ঞ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে। জানা গেছে, দারমিয়ান প্রাথমিকভাবে ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এবং পরবর্তীতে আরও ১২ মাস মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে।




























