যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন অর্থাৎ আগামী ৪ নভেম্বর ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য হামলার বিষয়ে ওয়াশিংটন পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে এবং তাদের এ বিষয়ে প্রস্তুত থাকার জন্য অবহিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ এই অঞ্চলে দায়িত্বরত তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই সম্ভাব্য সামরিক হামলাটি স্বল্পস্থায়ী হলেও বেশ তীব্র হতে পারে। ইরান পাল্টা আঘাত হানতে পারে এমন আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে। তাদের মধ্যে একজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, কয়েকটি উপসাগরীয় দেশ ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে বিরোধিতা করতে পারে।
উল্লেখ্য যে, গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে যুক্তরাষ্ট্র আর কোনো হামলা চালায়নি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তারা এমন কোনো সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে কথা বলেন না যার অস্তিত্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে। তবে তিনি আরও যোগ করেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে হামলার আশঙ্কার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ওয়াশিংটনকে সতর্ক করেছেন। একই সঙ্গে তিনি ইরানে নতুন করে সামরিক অভিযান না চালানোর আহ্বান জানিয়েছেন। খামেনি ইরানের সশস্ত্র বাহিনীকে যেকোনো শত্রুপক্ষের হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং এ ক্ষেত্রে কোনো ‘ভৌগোলিক সীমাবদ্ধতা’ মানা হবে না বলে স্পষ্ট করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। প্রায় আট মাস ধরে চলা এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং জ্বালানির দাম বাড়ায় বৈশ্বিক বাণিজ্য ও বিভিন্ন দেশের অর্থনীতি বড় চাপের মুখে পড়েছে।





























