হংকং সিক্সেস টুর্নামেন্টের বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে শেষ বলের চরম রোমাঞ্চে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ১ উইকেটের নাটকীয় জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। জয়ের সুবাস ছড়িয়েও শেষ মুহূর্তের অবিশ্বাস্য সমীকরণে শূন্য হাতেই ফিরতে হয়েছে সাব্বির রহমানদের।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেটে ১২৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ওপেনার হাবিবুর রহমান সোহান মাত্র ১৪ বলে ২ চার ও ৮ ছক্কায় অপরাজিত ৬০ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দেন। ইনিংসের এক পর্যায়ে ব্ল্যাক সিম্পসনের করা ওভারেই সোহান ও মৃত্যুঞ্জয় মিলে ৬টি ছক্কা হাঁকান। এরপর পরের ওভারের প্রথম বলেই ছক্কা মারেন অধিনায়ক আবু হায়দার রনি। ফলে টানা ৭ বলে ৭টি ছক্কা হজম করে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে মৃত্যুঞ্জয়ের ৬ বলে ২৬ রান এবং রনির ১০ বলে অপরাজিত ২৮ রানের ওপর ভর করে বড় পুঁজি পায় দল। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে আয়াবুলেলা গামানে ২৮ রানে ১টি উইকেট নেন।
জবাবে ১৩০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ প্রতিরোধ গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। ওপেনার জরিচ ভন শালকউইক ২০ বলে ৩ চার ও ১০ ছক্কায় অপরাজিত ৭৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া আয়াবুলেলা গামানে ৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে বোলিংয়ে রিজওয়ান ২০ রান দিয়ে ২টি এবং আবু হায়দার রনি ৪১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।
শ্বাসরুদ্ধকর এই ম্যাচের একদম শেষ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। সেই শেষ বলেই ওভারের ষষ্ঠ ছক্কা হাঁকিয়ে রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন শালকউইক। ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২২: ৪০আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২২: ৪৩
































