সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং একই দিনে এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই ছয় সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
কমিটির মূল দায়িত্বের মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি ও অভিযোগ পর্যালোচনা করে তা নিষ্পত্তির জন্য সুপারিশ প্রদান করা। এছাড়া ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও এই কমিটি কাজ করবে। পাশাপাশি ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা কিংবা বিদ্যমান ভাতার হার হ্রাস-বৃদ্ধির মতো বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে তারা।
কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে অর্থ বিভাগ। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দেবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং কমিটি চাইলে প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।





























