শিশুদের দৈহিক ও মানসিক দক্ষতার উন্নতির পাশাপাশি তাদের মধ্যে সামাজিক নেতৃত্ব, মেধা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সুপ্ত গুণাবলি জাগ্রত করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২৬’। বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের উদ্যোগে গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা—রংপুর বিভাগের এই আট জেলা থেকে ১৩০টি ইউনিটের প্রায় ১ হাজার ২০০ জন কাব স্কাউট, গার্ল-ইন-কাব স্কাউট, ইউনিট লিডার ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধি এতে অংশ গ্রহণ করছেন।
আয়োজনটি উপলক্ষে বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার এবং উক্ত ক্যাম্পুরির ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান। তিনি জানান, এবারের ক্যাম্পুরির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’।
ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী কোমলমতি শিশুদের মানসিক বিকাশ ও শারীরিক কসরতের জন্য মোট ১০টি বিশেষ চ্যালেঞ্জভিত্তিক স্কাউটিং কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। এসব কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য পুরো চত্বরে দুটি ভিলেজ এবং চারটি সাব-ক্যাম্প তৈরি করা হয়েছে। স্কাউটদের নিরবচ্ছিন্ন অবস্থান নিশ্চিত করতে সুপেয় পানি, আবাসন, মানসম্মত খাবার, উন্নত স্যানিটেশন, জরুরি স্বাস্থ্যসেবা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। আয়োজক কমিটির পাশাপাশি ঠাকুরগাঁওয়ের স্থানীয় প্রশাসন এসব প্রস্তুতি গ্রহণে কাজ করেছে।
এই বৃহৎ কাব ক্যাম্পুরি সফল ও সার্থক করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, জেলা পরিষদ, ঠাকুরগাঁও পৌরসভা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো সার্বিক সহযোগিতা দিচ্ছে। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর। এছাড়া আয়োজনের মূল আকর্ষণ মহাতাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলমের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজক কর্তৃপক্ষের প্রত্যাশা, ছয় দিনের এই জীবনমুখী স্কাউটিং অনুশীলনের মাধ্যমে শিশুদের মাঝে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা, অপরের কল্যাণ সাধন ও পরোপকার এবং পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে। একইসঙ্গে ভবিষ্যতে দেশকে পরিচালিত করার জন্য তারা নিজেদের যোগ্য, দায়িত্বশীল ও প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা পাবে।






























