রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে প্রবেশ করে কুপিয়ে হত্যা করা হয়েছে নাঈমুর রহমান নামে এক ম্যানেজারকে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়কালী মন্দির এলাকার ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় হোটেলের জেনারেল ম্যানেজার ও অন্য এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুজন ব্যক্তি হঠাৎ হোটেলে ঢোকে। তারা হোটেলের ম্যানেজার নাঈমুর রহমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। নাঈমুরের আত্ম চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক এবং কর্মচারী হাসানকেও কুপিয়ে জখম করে।
হামলার পর দ্রুত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। তবে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তাদের কী নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।




























