ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এলাকায় শুক্রবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে ২০ থেকে ৩০ জন নেতাকর্মীকে মশাল হাতে মিছিলে অংশ নিতে দেখা যায়।
মিছিলের সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ভোলা জেলা আওয়ামী লীগ নেতা মোদের শেখ মুজিব’-সহ বিভিন্ন স্লোগান দেন। সন্ধ্যার পর আকস্মিক এই মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা গেছে, ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। সেই কর্মসূচির অংশ হিসেবেই ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এই মশাল মিছিলটি বের করা হয়েছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, তার জানামতে সদর থানার আওতাধীন এলাকায় কোনো কর্মসূচি পালিত হয়নি। তিনি বলেন, ঘটনার ভিডিও দেখার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে এবং এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।



























