রাজশাহীর কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অপার সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে ঋণ বিতরণে আরও কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিক্ষাবিদরা। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই আহ্বান জানান। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস ও প্রধান কার্যালয়ের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, উত্তরাঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা প্রচুর থাকলেও কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অনেক ক্ষেত্রেই অর্জিত হচ্ছে না। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে ঋণের সুদহার, নীতিসহায়তা এবং আর্থিক প্রণোদনাগুলোকে আরও বাস্তবমুখী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা। স্থানীয় অর্থনীতির চাহিদা এবং উদ্যোক্তাদের বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে মুদ্রানীতি প্রণয়নের আহ্বান জানান তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ এবং মনিটারি পলিসি ডিপার্টমেন্টের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার সভার সভাপতিত্ব করেন। এছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যাংকার, সাংবাদিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, জেলায় কৃষির ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা যথাযথভাবে অর্জিত হচ্ছে না। তিনি উত্তরবঙ্গের কৃষি খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ঘোষিত ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, মুদ্রানীতি প্রণয়নের মূল উদ্দেশ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। তিনি উল্লেখ করেন, রাজশাহী অঞ্চলে রেশম, আম ও মৎস্যসহ কৃষির বিভিন্ন খাতে উৎপাদন বেশ আশাব্যঞ্জক। এসব খাতের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে বাস্তবসম্মত ও কার্যকর মুদ্রানীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নে এই অঞ্চলের অংশীজনদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকারের রাজস্বনীতির সাথে সমন্বয় রেখে বিভিন্ন অংশীজনের অভিজ্ঞতা ও পরামর্শ বিবেচনা করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে।




























