গোপালগঞ্জের ঘটনার পর এবার শরীয়তপুর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সরকার। পুলিশ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরীয়তপুরের বিভিন্ন থানা, পৌরসভা কার্যালয়, কারাগার, বিএনপি কার্যালয় ও বিদ্যুৎকেন্দ্রে নাশকতামূলক হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে জেলার সরকারি দপ্তরগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের ‘লকডাউন’ কর্মসূচির প্রথম দিন রোববার শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভোরে সংঘটিত এই সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হন। আগামীকাল সোমবার এই কর্মসূচির শেষ দিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জের মতোই শরীয়তপুরে সরকারের অবস্থান অপরিবর্তিত থাকবে। আন্দোলনকারীদের ওপর কোনো বল প্রয়োগ বা প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হবে না; নাশকতা মোকাবিলা করা হবে রাজনৈতিকভাবে। তবে সরকারি স্থাপনা রক্ষায় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা, ১৯ নভেম্বর মুকসুদপুর থানা এবং গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে বাড়তি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেল সুপার এ জি মাহমুদ জানিয়েছেন, বর্তমানে কারাগারে সাড়ে ৫০০ বন্দী রয়েছেন। এছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ২৬ নভেম্বর এক সার্কুলারের মাধ্যমে তাদের সব বৈদ্যুতিক স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, আনসার ও বিজিবির সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছে। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, জেলায় তাদের দুটি সাবস্টেশনে ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে।
শরীয়তপুরে পল্লি বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ১৪টি সাবস্টেশনেও হামলার আশঙ্কা রয়েছে। আরইবির সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম জানিয়েছেন, তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন এবং যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা নেওয়া হয়েছে।



























