ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত সুইজারল্যান্ডে কঠোর অস্ত্র রপ্তানি নীতি শিথিল করার একটি প্রস্তাবে সায় দিয়েছেন দেশটির ভোটাররা। স্থানীয় সময় দুপুর ১২টায় (১১:০০ জিএমটি) ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রস্তাবের পক্ষে ৫৪.৩ শতাংশ এবং বিপক্ষে ৪৫.৭ শতাংশ ভোট পড়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে কোনো দেশ যুদ্ধে লিপ্ত থাকা সত্ত্বেও বিশ্বের ৩৬টি পশ্চিমা রাষ্ট্রের কাছে সুইজারল্যান্ডে তৈরি সামরিক অস্ত্রশস্ত্র বিক্রি করার পথ উন্মুক্ত হলো।
বিদ্যমান নিয়মে সুইজারল্যান্ড সশস্ত্র সংঘাত চলছে এমন কোনো দেশে সরাসরি অস্ত্র পাঠায় না। পাশাপাশি কোনো ক্রেতা দেশ সুইস তৈরি সামরিক সরঞ্জাম অন্য দেশে স্থানান্তর বা পুনঃরপ্তানি করতে চাইলে সুইজারল্যান্ডের কাছে আগে সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংশোধনীতে ৩৬টি দেশের ওপর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এ তালিকার মধ্যে রয়েছে লিশটেনস্টাইন (যার কোনো নিজস্ব সেনাবাহিনী নেই) ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইউইউ) ও ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থার (ইএফটিএ) সব সদস্য দেশ। এছাড়া যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, জাপান এবং নিউজিল্যান্ডও নতুন এই নিয়ম থেকে সুবিধা পাবে।
তবে এই নীতি পরিবর্তনের সুফল ইউক্রেন পাচ্ছে না। সুইজারল্যান্ড সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইউক্রেনে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। একই সঙ্গে রাশিয়ার ওপরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। সুইজারল্যান্ডের নিরপেক্ষতা সংক্রান্ত আইনের কারণেই দেশটির পক্ষে কিয়েভে অস্ত্র পাঠানো সম্ভব নয় বলে জানানো হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপের সামগ্রিক নিরাপত্তা উদ্বেগ বাড়ে। সেই সময় ইউরোপীয় ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকলে সুইজারল্যান্ডের তৈরি অস্ত্র রপ্তানি ব্যাপকভাবে কমে যায়। দেশীয় অস্ত্র শিল্পকে ঝুঁকিমুক্ত ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক রাখতে ২০২৫ সালে দেশটির পার্লামেন্ট বিধিনিষেধ শিথিলের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থার সুযোগ নিয়ে বামপন্থী দল এবং বিভিন্ন এনজিও এর বিরুদ্ধে গণভোটের ডাক দেয়। তাদের দাবি ছিল, এই পদক্ষেপ সুইজারল্যান্ডের দীর্ঘদিনের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করবে এবং অস্ত্র শিল্পের লবিস্টদের কাছে আত্মসমর্পণের শামিল।
গণভোটের ফল আসার পর প্রস্তাবটির অন্যতম সমর্থক ও সেন্টার পার্টির নেত্রী মারিয়ান বাইন্ডার জয়কে স্বাগত জানিয়েছেন। তবে ইউক্রেনকে এর বাইরে রাখার বিষয়টিকে তিনি ফলের মধ্যে একটি "অনাকাঙ্ক্ষিত খামতি" হিসেবে চিহ্নিত করেন। ব্রডকাস্টার এসআরএফ-কে তিনি বলেন, এখানকার জনগণ বুঝতে পেরেছে যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে এবং সুইজারল্যান্ডও মূলত পশ্চিমা নিরাপত্তা কাঠামোর ভেতরেই অবস্থান করছে।
অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ডের ক্যাম্পেইন ম্যানেজার প্যাট্রিক ওয়াল্ডার সতর্ক করে বলেছেন, সিদ্ধান্তটির ফলে যেসব দেশ যুদ্ধাপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তাদের হাতে সুইস অস্ত্র পৌঁছানোর ঝুঁকি আরও বেড়ে গেল। ব্রডকাস্টার আরটিএস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই 'হ্যাঁ' ভোট অস্ত্র রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার যে দায়ভার সুইজারল্যান্ডের রয়েছে, তা থেকে দেশকে কোনোভাবেই মুক্ত করে না।



























