অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যার অভিযোগে আটক ফিলিস্তিনি নাগরিক কাদরি সামারার মৃত্যুদণ্ড চাওয়ার পরিকল্পনা করছে ইসরায়েলি সামরিক কৌঁসুলিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গত মে মাসে সংশোধিত একটি সামরিক আদেশের অধীনে এই প্রথম কোনো ফিলিস্তিনি বন্দির বিরুদ্ধে এমন কঠোর শাস্তি আবেদনের উদ্যোগ নেওয়া হলো।
ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া রবিবার রাতের তথ্য অনুযায়ী, রামাল্লা থেকে গ্রেপ্তার হওয়া কাদরি সামারার বিরুদ্ধে "পরিকল্পিত হত্যা"-র অভিযোগ আনা হবে। সামরিক বাহিনীর অভিযোগে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি নেভে জুফের কাছে আইন রায়া এলাকায় নেতানেল শাকরন নামের এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে খুব কাছ থেকে গুলি করেন সামারা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আহত শাকরনের মৃত্যু হয়।
ঘটনার দিন এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে গুলি বিনিময়ে সামারা আহত হয়েছিলেন এবং সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী তাকে রামাল্লা শহর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং ইসরায়েলি পুলিশ টানা প্রায় দুই মাস তাকে জিজ্ঞাসাবাদ করে। বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে যেন আটক রাখা হয়, সামরিক কৌঁসুলিরা আদালতে সেই আর্জি জানানোর পাশাপাশি তার বিরুদ্ধে অতিরিক্ত আরও কিছু অভিযোগ যুক্ত করার পরিকল্পনা করছেন।
মে মাসে সংশোধিত সামরিক আদেশ অনুযায়ী, এ ধরনের হত্যাকাণ্ডের মামলায় সামরিক আদালত যদি কোনো বিশেষ পরিস্থিতি বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড না দেয়, তবে আসামির জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের বিচার কাজ সম্পন্ন হয় ইসরায়েলি সামরিক আদালতে, অন্যদিকে একই ভূখণ্ডে বসবাসকারী অবৈধ বসতি স্থাপনকারীদের ক্ষেত্রে ইসরায়েলের বেসামরিক আইন প্রয়োগ করা হয়ে থাকে।
আদালত যদি সামারাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং তা বাস্তবায়ন করা হয়, তবে এটি হবে ১৯৬২ সালের পর ইসরায়েলে প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা। এর আগে ১৯৬২ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত নাৎসি কর্মকর্তা অ্যাডলফ আইখম্যানকে ফাঁসি দেওয়া হয়েছিল।





























