অধিনায়ক মিচেল মার্শের চমৎকার শতক সত্ত্বেও টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে লড়াইটা টেনে নিতে পারল না অস্ট্রেলিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে স্বাগতিকদের ৭ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে স্যাম কারানের অপরাজিত ফিফটিতে ১৮১ রান তোলে ইংলিশরা। জবাবে মার্শের ৪৯ বলে ১১৯ রানের মারকুটে ইনিংসে জয়ের আশা জাগালেও শেষ রক্ষা হয়নি অজিদের। ৭ উইকেটে ১৭৪ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়েছিল ইংল্যান্ড। দলীয় ৩২ রানের মধ্যে শীর্ষ চার ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংলিশদের প্রথম চার ব্যাটারের সবারই এক অঙ্কের ঘরে আউট হওয়ার ঘটনা এবারই প্রথম। স্পেন্সর জনসন (২-৩৯) ও রাইলি মেরেডিথ (২-৪৪) দুটি করে উইকেট তুলে নিয়ে ইংলিশ ব্যাটিং সারিতে ধস নামান। পাওয়ার প্লে শেষে সফরকারীদের রান ছিল ৪৭/৪। এরপর জেমস কোল্স ও জর্ডান কক্স ৬ ওভারে ৪৪ রান যোগ করে ধস সামাল দেওয়ার চেষ্টা করেন।
১৫ ওভার শেষে ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে হঠাৎই চাঙ্গা করেন স্যাম কারান। তাকে দারুণ সঙ্গ দেন লিয়াম ডসন (১৪ বলে ২৩ রান) ও জেমি ওভারটন। কারান প্রথমে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে আক্রমণ করেন এবং পরে মেরেডিথের ১৯তম ওভারে চার একটি ছক্কা হাঁকান। ওভারটনকে সঙ্গে নিয়ে ১৯তম ওভার থেকেই ঝড় তোলেন তিনি। ইনিংসের শেষ বলে ফিফটি পূরণ করে কারান অপরাজিত থাকেন ৫০ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আট বা তার নিচের উইকেটে এটি মাত্র দ্বিতীয় ৫০-ঊর্ধ্ব জুটি, যা ইংল্যান্ডকে লড়াই করার জন্য ১৮১/৭ রানের শক্ত ভিত এনে দেয়।
১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬৭ রান তুলে চমৎকার সূচনা করে অস্ট্রেলিয়া। তবে মিডল ওভারে খেলা ঘুরিয়ে দেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। নিজের দ্বিতীয় বলেই স্যাম হার্পারকে (১৮) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। রশিদ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের রান গতি একেবারেই থামিয়ে দেন। পাওয়ার প্লে পরবর্তী ৬ ওভারে অজিরা তুলতে পেরেছিল মাত্র ৩৬ রান। এরপর ডসন এসে ১৪ বলে ১২ রান করা টিম ডেভিডকে সাজঘরে ফেরান। ফলে ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ১১২/৪।
একপ্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্যপ্রান্তে একা লড়াই চালিয়ে যান মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার ইনিংসে মার্শ ছাড়া কেবল হার্পার ও ডেভিড এবং পরবর্তীতে নিখিল চৌধুরী দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। মার্শের ১১৯ এবং দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রানের মধ্যে ব্যবধান ছিল ১০১ রানের। জেমি ওভারটনের এক ওভারে টানা তিনটি চারের মার সহ ১৯তম ওভারে ১৮ রান আদায় করে নেন মার্শ, যেখানে ক্যাচ ছেড়ে তাকে জীবনদান করেছিলেন টম ব্যান্টন।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা ২৫ বছর বয়সী ইংলিশ পেসার হেনরি ক্রোকোম্বের হাতে বল তুলে দেওয়া হয়। শেষ ওভারে অসামান্য নিয়ন্ত্রণে বোলিং করে ক্রোকোম্ব মার্শের গুরুত্বপূর্ণ উইকেট সহ স্বাগতিকদের শেষ দুই উইকেট তুলে নেন। ক্রোকোম্ব ২৮ রানে ৩ উইকেট শিকার করে জয় নিশ্চিত করেন। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ১১৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে পরাজিত দলেও ম্যাচসেরার পুরস্কার জেতেন মিচেল মার্শ।





























