গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন কোনো চুক্তির পরিবর্তে বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে চায় বাংলাদেশ। আগামী ১২ই ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগেই এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান। তবে দুই দেশের মধ্যে এই আলোচনা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় এখনো নির্ধারণ করা হয়নি।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে চায়। তিনি বলেন, বিদ্যমান চুক্তিটিই নবায়ন হোক, এটাই বাংলাদেশ চাচ্ছে। নতুন চুক্তি হওয়ার সুযোগ আপাতত নেই জানিয়ে তিনি বলেন, ১২ই ডিসেম্বর যেহেতু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই বিদ্যমান চুক্তিটিই নবায়ন করার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ গঙ্গা চুক্তিকে কতটা গুরুত্ব দিচ্ছে, তা ভারত ভালোভাবেই জানে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পাঠানো চিঠির জবাব ভারত দেবে। চিঠির জবাব পাওয়ার পরই দুই দেশের মধ্যে যে আলোচনা হওয়া প্রয়োজন, তা শুরু করা সম্ভব হবে।
বিদ্যমান চুক্তি নবায়ন নাকি নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশ আলোচনা করতে চায়—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনার টেবিলে বসার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হবে চুক্তি নবায়ন হবে নাকি নতুন চুক্তি হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, আপাতত বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে চায় বাংলাদেশ।
ভারত আলোচনায় বসতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে তাদের জিজ্ঞেস করা যেতে পারে যে তারা কী চাচ্ছেন, কারণ বাংলাদেশ ইতিমধ্যে চিঠি দিয়ে দিয়েছে। এছাড়া দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের বিষয়ে ভারতীয় হাইকমিশনারের মন্তব্যের প্রেক্ষিতে শামা ওবায়েদ বলেন, যথাসময়েই দুই দেশের প্রধান বসবেন এবং যথাসময়েই সব সমস্যার সমাধান হবে।





























