রাশিয়ার রাজধানী মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে একটি ক্যাফের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে (১৭১০ জিএমটি) ১ নম্বর ভবনের কাছে এই বিস্ফোরণ ঘটে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ এবং জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভেস্তি প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছে, গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
এদিকে, টেলিগ্রাম মনিটরিং চ্যানেল আস্ট্রা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, যে রেস্তোরাঁর কাছে বিস্ফোরণটি ঘটেছে সেখানে একজন জেনারেলের জন্মদিন উদযাপন করা হচ্ছিল। তবে এই তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সরকারি কোনো কর্তৃপক্ষও এখন পর্যন্ত এই দাবি নিশ্চিত করেনি।































