সুস্থতা বজায় রাখার বৈশ্বিক ওয়েলনেস শিল্প প্রতি বছরই নতুন নতুন পণ্য ও পদ্ধতি নিয়ে আসে, যার কিছু কার্যকর আবার কিছু একেবারেই ভিত্তিহীন। ২০২৬ সালে এসে এই শিল্পে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ধারা বা ট্রেন্ড। চলতি বছরে তুমুল আলোচনা ও বিতর্ক তৈরি করা এমন ১১টি ওয়েলনেস ট্রেন্ডের কার্যকারিতা ও বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতামত উঠে এসেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে।
সুস্থতার দৈনন্দিন রুটিনে এখন বড় জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। পুষ্টির পরামর্শ, ফিটনেস রুটিন বা ব্যক্তিগত সম্পর্কের জটিলতা কাটাতে অনেকেই এখন চ্যাটবটের দ্বারস্থ হচ্ছেন। গত মে মাসে কিছু ব্যবহারকারী তাদের ফিটনেস রুটিনে এআই ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করে জানান, এটি তাদের লক্ষ্য পূরণে সাহায্য করেছে। তবে অনেকেই একে একটি ত্রুটিপূর্ণ মাধ্যম হিসেবে দেখছেন। একজন এআই ব্যবহারকারী বলেন, "এটি ভুল তথ্য দিতে পারে এবং সেটিও খুব আত্মবিশ্বাসের সাথে।" বিশেষজ্ঞরা বলছেন, এআই মানুষের আত্ম-পর্যালোচনার পথ সহজ করলেও এর পরামর্শগুলো অনেক সময় অতি-সাধারণ বা গৎবাঁধা হয়ে থাকে, যা ব্যক্তির নিজস্ব চাহিদার সাথে মেলে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ব্যাপক আলোচিত হচ্ছে 'প্যারাসাইট ক্লিন্স' বা পরজীবী নিধন প্রক্রিয়া। গত বছর এক সাক্ষাৎকারে সুপারমডেল হেইডি ক্লাম জানান, ইনস্টাগ্রামের প্রভাবে অনুপ্রাণিত হয়ে তিনি ও তাঁর স্বামী এই প্রক্রিয়া শুরু করেছেন। টিকটকসহ বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, এই ভেষজ সাপ্লিমেন্ট ঘুম, হজম, মেজাজ ও ত্বকের উন্নতি ঘটায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, উন্নত স্যানিটেশন ব্যবস্থার এলাকায় পরজীবী সংক্রমণ খুবই বিরল এবং টিকটকে বিক্রি হওয়া ভেষজ ওষুধে এর সমাধান হয়না। রক্ত বা মল পরীক্ষার মাধ্যমে পরজীবী শনাক্ত করে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ খাওয়া উচিত।
প্রোটিনের চাহিদা মেটাতে এখন সাধারণ ডিম, মাংস বা দুগ্ধজাত খাবারের বাইরে গিয়ে প্রোটিন-সমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবার যেমন পাউডার, সিরিয়াল, পপকর্ন বা প্রেটজেল খাওয়ার ধুম পড়েছে, যাকে বলা হচ্ছে 'প্রোটিনম্যাক্সিং'। জিএলপি-১ (GLP-1) জাতীয় ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তার কারণে এটি বেড়েছে; কারণ মানুষ যখন কম খায়, তখন পেশী ধরে রাখতে পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন হয়। তবে চিকিৎসকদের মতে, প্রোটিন গ্রহণের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সাধারণ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি কেজি ওজনের বিপরীতে ০.৮ গ্রাম প্রোটিন যথেষ্ট। এমনকি যারা ভারী ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রেও প্রতি কেজিতে ১.৬ গ্রামের বেশি প্রোটিন পেশী গঠনে বাড়তি কোনো ভূমিকা রাখে না।
বিবাহবিচ্ছেদের পর বিয়ের আংটি নতুন করে গড়ে নেওয়ার এক নতুন ফ্যাশন তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে 'ডিভোর্স রিং' বা 'এফ-ইউ রিং'। এমিলি রাতাজকোভস্কি এবং র্যাচেল জোর মতো তারকারা এটি সামাজিক মাধ্যমে প্রদর্শন করেছেন। এক নারী জানান, এটি কেবল প্রাক্তন স্বামীর প্রতি ক্ষোভ নয়, বরং নারীর একমাত্র লক্ষ্য কেবল কারও স্ত্রী হওয়া নয়—এই সামাজিক ধারণার বিরুদ্ধে একটি প্রতিবাদ। অন্যদিকে, ত্বক ও হজমের উন্নতির জন্য অলিভ অয়েল ও লেবুর রসের শট খাওয়ার চল শুরু করেছেন ইনফ্লুয়েন্সাররা। অলিভ অয়েলে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ দূর করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মিশ্রণটি শট হিসেবে না খেয়ে সালাদের সাথে খাওয়া বেশি উপকারী।
ফিটনেস দুনিয়ায় ক্রশফিটের (CrossFit) জায়গা দখল করেছে ২০১৭ সালে প্রতিষ্ঠিত 'হাইরক্স' (Hyrox) নামক একটি কঠিন প্রতিযোগিতা। কয়েক দিন ধরে চলা এই প্রতিযোগিতায় আটটি ১ কিলোমিটারের দৌড় এবং স্লেজ টানা, ফর্মারস ক্যারি, বার্পি ব্রড জাম্প ও রোয়িংয়ের মতো আটটি ভিন্ন ওয়ার্কআউট থাকে। উইলসন ওয়াং নামের একজন অংশগ্রহণকারী লিখেছেন, "আমি ভেবেছিলাম আমার সাধারণ ফিটনেস ও অ্যাড্রেনালিন আমাকে পার করে দেবে, কিন্তু তা হয়নি।" এর পাশাপাশি এসেছে 'বয় কিবল' নামের একটি ডায়েট ট্রেন্ড, যা মূলত বডিবিল্ডারদের পুরোনো খাদ্যাভ্যাসের নতুন রূপ। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ও ফাইবারের এই সহজ মিশ্রণ পুষ্টির জন্য ভালো হলেও বিশেষজ্ঞদের মতে, এটিই একমাত্র খাবার হওয়া উচিত নয়।
ওয়েলনেস ইনফ্লুয়েন্সারদের হাত ধরে জনপ্রিয় হয়েছে 'ফাংশনাল ফুড' বা বিশেষ স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার। তবে পুষ্টিবিদ ডা. ম্যারিয়ন নেসল বলেন, "এই দাবিগুলোর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই, এটি মূলত বিপণন বা মার্কেটিংয়ের কৌশল।" কারণ এসব খাবারে যোগ করা পুষ্টি উপাদান ক্লিনিক্যাল ট্রায়ালের তুলনায় খুবই সামান্য থাকে। পাশাপাশি নারীদের জন্য ভ্যাজাইনাল প্রোবায়োটিক সাপ্লিমেন্টের বাজার এখন বিলিয়ন ডলারের। এই সাপ্লিমেন্টগুলো সংক্রমণ রোধ ও স্বাস্থ্য সুরক্ষার দাবি করলেও বিশেষজ্ঞরা বলছেন, সত্যের ওপর ভিত্তি করে শুরু হলেও এই ট্রেন্ডটি এখন বিপথগামী রূপ নিয়েছে।
ডেটিংয়ের ক্ষেত্রে এসেছে 'বার্নআউট ডেটিং' পদ্ধতি, যেখানে মনের মতো না হলেই অপর পক্ষকে ব্লক করে দেওয়া হয়। এতে রয়েছে ১০টি নিয়ম (যেমন অ্যাপে বেশি সময় না কাটানো, সরাসরি সাক্ষাতের আগে দীর্ঘ চ্যাট না করা) এবং ৩৩টি রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তা। সমালোচকদের মতে, এটি পুরুষদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজের আত্ম-মূল্যায়নের সুযোগ দেয় না। পুরুষদের প্রজনন স্বাস্থ্য নিয়ে আরেকটি ট্রেন্ড হলো 'স্পার্মম্যাক্সিং'। ১৯৭০-এর দশকের পর থেকে পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষিতে ইনফ্লুয়েন্সাররা রসুন খাওয়া বা অণ্ডকোষ বরফ পানিতে ডুবিয়ে রাখার মতো অদ্ভুত পরামর্শ দিচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার ও নিয়মিত শারীরিক পরিশ্রমই যথেষ্ট।




























