বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনা এখন আরও সহজ হয়েছে। এখন থেকে দেশের অভ্যন্তরে বসেই টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ পাচ্ছেন ভ্রমণকারীরা। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৯ আগস্ট প্রকাশিত এক সার্কুলারের মাধ্যমে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সদস্যদের জন্য এই বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে।
নতুন এই নিয়মের আওতায় টোয়াবের সদস্যভুক্ত ট্যুর অপারেটররা বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের কাছ থেকে বিদেশ ভ্রমণের প্যাকেজের বিপরীতে দেশীয় মুদ্রায় অর্থ গ্রহণ করতে পারবেন। পরবর্তীতে, ওই ট্যুর অপারেটররা সংশ্লিষ্ট বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিকে সেবার মূল্য পরিশোধের জন্য সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব ট্যুর অপারেটরের বিদেশি হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি বা সমঝোতা রয়েছে, কেবল তারাই এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এই প্যাকেজের মাধ্যমে বিদেশে আবাসন ও পরিবহনসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় প্রকৃত সেবার মূল্য অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা যাবে।
নতুন ব্যবস্থায় একজন ভ্রমণকারী প্রতি ক্যালেন্ডার বছরে তার নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার অতিরিক্ত হিসেবে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ পাবেন। তবে এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে ট্যুর অপারেটরদের কঠোর নিয়ম মেনে চলতে হবে। অপারেটরদের প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরসহ পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ভ্রমণকারী অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে নির্ধারিত বার্ষিক সীমা অতিক্রম করেননি—এমন মর্মে ভ্রমণকারীর কাছ থেকে একটি ঘোষণাপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে।


























