মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া বস্তির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভারতের মাগুরুলী নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে। শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, বিএসএফ তাদের জানিয়েছে যে চার থেকে পাঁচজন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে গেলেও তারা মিয়া ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
বিজিবি আরও জানিয়েছে, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। ঘটনার পর বিএসএফ নিহতের মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে গেছে। বর্তমানে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিষ্পত্তির লক্ষ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।



























