সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত তিন বছরের মধ্যে এবারই পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সর্বনিম্ন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ। এর আগের বছরগুলোতে এই হার ছিল তুলনামূলক বেশি; ২০২৫ সালে পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং ২০২৪ সালে ছিল ৮৩.৪ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও একই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। চলতি বছর মোট এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর আগের দুই বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন এবং ২০২৪ সালে এই সংখ্যা ছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।





























