রাজধানীর বিমানবন্দর সড়কে প্রকাশ্যে এক কর্মচারীকে কুপিয়ে একটি পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ক্রাউন প্লাজার সামনে এই ছিনতাইয়ের শিকার হন পাম্পের প্রতিনিধিরা।
ছিনতাইয়ের শিকার ডিএল পেট্রোল পাম্পটির মালিক তাসীন হক। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হকের ছেলে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পাম্পের ব্যবস্থাপক আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির কারণে দুই দিনের জমাকৃত টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে এসে ৬ থেকে ৭ জন সশস্ত্র ছিনতাইকারী টাকা বহনকারী কভার্ডভ্যানটির গতি রোধ করে। এরপর তারা পিস্তল উঁচিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে পাম্পের কর্মচারীকে রক্তাক্ত করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। গুরুতর আহত ওই কর্মচারীকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, পুলিশ ধারণা করছে ছিনতাইকারীরা আগে থেকেই ওই প্রতিষ্ঠানের টাকা বহনের সময় ও গতিবিধির ওপর নজর রাখছিল। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশসহ একাধিক তদন্ত দল মাঠে নেমেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।




























