রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহৃত দন্ত চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল। বুধবার রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এবং সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব বৃহস্পতিবার ভোরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যায় হাসিবুর হাসান জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোডের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসের চালক তাকে জলসিঁড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। গাড়িতে ওঠার পর মাইক্রোবাসের ভেতরে থাকা অপরাধী চক্রটি চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।
পরবর্তীতে হাত, চোখ ও মুখ বাঁধা অবস্থায় তাকে ওই এলাকার একটি জঙ্গলে ফেলে রেখে অপরাধীরা পালিয়ে যায়। টহল ডিউটিতে থাকা পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের গোঙানির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং চিকিৎসককে উদ্ধার করেন। উদ্ধারের পর আনসার সদস্যরা তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। এই বিপদের মুহূর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিকতা, বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ভুক্তভোগী চিকিৎসক তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





























