আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির প্রয়াণে যখন পুরো শহর শোকের ছায়ায় আচ্ছন্ন, ঠিক তখনই রোসারিও বিমানবন্দরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম ‘লা ক্যাপিটাল’-এর প্রতিবেদন অনুযায়ী, হোর্হে মেসির শেষ বিদায়ের মুহূর্তগুলো আকাশ থেকে ধারণ করার উদ্দেশ্যে এক সংবাদকর্মী বিমানবন্দরের আকাশসীমায় ড্রোন প্রবেশ করান। এই কর্মকাণ্ডের ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয় এবং রানওয়েতে উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি যাত্রীবাহী বিমানের যাত্রা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
নিরাপত্তাঝুঁকি তৈরির দায়ে বিমানবন্দর নিরাপত্তা পুলিশ (পিএসএ) দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ওই ড্রোন পাইলটকে আটক করেছে। একইসঙ্গে তার ব্যবহৃত ড্রোন ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। লা ক্যাপিটালের তথ্যমতে, আটক ব্যক্তি ‘লা নেশন+’ (La Nación+) নিউজ টিমের সদস্য। এদিকে, মেসির পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত শোকের এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছিল এবং ড্রোন ব্যবহার না করার জন্য আগেই সতর্ক করা হয়েছিল।
বিশেষ করে ‘এল প্রাডো’ (El Prado) প্রাইভেট সিমেট্রি এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। লা ক্যাপিটাল জানিয়েছে, রোববার সকাল থেকেই ‘LN+’, ‘TN’ এবং ‘C5N’-এর মতো বিভিন্ন সংবাদমাধ্যমের ড্রোন ওই এলাকায় সক্রিয় ছিল, যা শোকাতুর পরিবারের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোকে ব্যাহত করছিল। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ






























