সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। অভিযান চলাকালে ওই ভবন থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন চারতলা ভবনটি ঘিরে এই অভিযান শুরু হয়। সিটিটিসির এই অভিযানে সাভার মডেল থানা পুলিশ এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযান শুরুর পরপরই নিরাপত্তার স্বার্থে মাইকিং করে আশেপাশের অন্তত ১০টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সাংবাদিকসহ কোনো বেসামরিক ব্যক্তিকে ঘটনাস্থলের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি।
অভিযানের বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ওই চারতলা ভবনে অভিযান চালানো হয়। জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফ হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো বিশেষ সতর্কতার সঙ্গে নিজেদের হেফাজতে নিয়েছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
রাত সাড়ে ১০টার দিকে আটক আরিফ হোসেনকে নিয়ে সিটিটিসির সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তবে এ সময় অভিযানে অংশ নেওয়া কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টাতেও ওই ভবনটি ঘিরে সিটিটিসির অভিযান চলছিল। আটক আরিফ হোসেনের বিস্তারিত পরিচয় এবং উদ্ধার করা বিস্ফোরকের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।






























