ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এই সংকটের মুহূর্তে আসলে এখন আমার কিছু করার নেই। এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত গ্যাস নামানো সম্ভব নয়। ইঞ্জিনিয়াররা টার্মিনালটি মেরামতের জন্য কাজ করে যাচ্ছেন, তাই এখন শুধু দিনগোনা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। এফএসআরইউ নষ্ট হয়ে গেছে, আর চাইলেই জোর করে তা দ্রুত সারিয়ে তোলা সম্ভব নয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ীই আমাদের কাজ করতে হবে। তিনি জানান, মেরামতের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম আসার ২৪ ঘণ্টার মধ্যেই তা সাইটে পৌঁছে দেয়া হয়েছে। এফএসআরইউ মেরামতের মূল দায়িত্ব আমেরিকান মালিকানাধীন কোম্পানির, তবে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিনরাত ২৪ ঘণ্টা এ বিষয়ে কাজ করে যাচ্ছেন।



























