সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চার নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলসংলগ্ন ‘রিপন ছাত্রাবাস’ নামের একটি মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হওয়ার পর ক্যাম্পাসে আলোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী চার শিক্ষার্থী হলেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন (সমুদ্রবিজ্ঞান), গোলাম মোর্শেদ ও শাহাদাত হোসেন সাগর (শিল্প ও উৎপাদন প্রকৌশল) এবং জিয়াউর রহমান (বাংলা)। অভিযুক্ত ছয় শিক্ষার্থী হলেন বাংলা বিভাগের হাসান গোলজার রহমান (২০১৮-১৯), অর্থনীতি বিভাগের সোলাইমান কবির (২০২০-২১), শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের সাব্বির রহমান (২০২৩-২৪) এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মারুফ হাসান ও আবু রায়হান (২০২৩-২৪)। ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই একই মেসে থাকেন এবং নবীনরা গত জুন মাস থেকে সেখানে অবস্থান করছেন।
ভুক্তভোগী নাসির উদ্দিনের ভাষ্যমতে, সোমবার রাতে আবু রায়হানের জন্মদিন উপলক্ষে কেক কাটার পর অভিযুক্তরা নবীনদের ভোর পর্যন্ত র্যাগ দেন। আরেক ভুক্তভোগী জিয়াউর রহমান জানান, মেসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সূত্র ধরে একপর্যায়ে র্যাগিংয়ের ঘটনা ঘটে। তবে অভিযুক্ত সোলাইমান কবির নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সেদিন মেসের নিয়মকানুন নিয়ে আলোচনা হচ্ছিল। সাব্বির রহমান তাঁর বিভাগের জুনিয়রদের সঙ্গে মজা করার সময় নাসিরের ওপর রেগে গিয়েছিলেন, যা পরে মিটিয়ে ফেলা হয় বলে তিনি দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের আলোচনার ভিত্তিতেই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
সূত্র: প্রথম আলো






























