নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালককে ধরে নিয়ে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবভদ্রি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।
ভুক্তভোগী রাকিব জানান, বুধবার রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে তিনি তার ভাড়াবাসার দিকে ফিরছিলেন। পথে স্থানীয় হায়দার বাড়ির দরজার সামনে একদল অস্ত্রধারী তার অটোরিকশার গতিরোধ করে। এরপর পিস্তল ঠেকিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন চুল্লার বাড়ির পেছনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিম্মি করে মারধর করা হয় এবং তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। রাকিব এই ঘটনায় আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮)-কে অভিযুক্ত করেছেন।





























