পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারে মৃত্যুর গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন বলে নিশ্চিত করেছে সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশের পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামের ওই প্রতিবেদনগুলোতে তিনি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরের (জিএইচকিউ) তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। তাদের বরাত দিয়ে তিনি জানান, ইমরান খান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে সেনাবাহিনীর ভেতরেই গভীর উদ্বেগ রয়েছে। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পিটিআই সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দেয়।
অবশ্য পরবর্তীতে ওয়াজাহাত সাঈদ খান নিজেই স্পষ্ট করেন যে, ইমরান খানের মৃত্যুর বিষয়ে তার কাছে কোনো লিখিত বা নিশ্চিত প্রমাণ নেই। তার সূত্রগুলো মূলত ইমরানের তথ্য নিয়ে অতিরিক্ত গোপনীয়তা বজায় রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। এদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির পারিবারিক সূত্রও তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানান, একটি নিয়ন্ত্রিত সাক্ষাতের সময় কারা কর্তৃপক্ষের সিসিটিভি মনিটরে ইমরান খানকে নিজে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইএসপিআর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করে। তবে মৃত্যুর গুজব দূর হলেও ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। পিটিআই নেতারা দাবি করেছেন, কোনো ধরনের অনুমান বা গুজবের সুযোগ না রেখে অবিলম্বে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের তার সঙ্গে দেখা করার এবং স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দিতে হবে।
দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইমরান খানের নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত না করা হলে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ এবং রাওয়ালপিন্ডির দিকে মিছিল করা হতে পারে। ইতোমধ্যে পিটিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা কারাগারে ইমরান খানের চিকিৎসা-সুবিধা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির জোর দাবি জানিয়েছেন।




























