ইতালির কর্তৃপক্ষ রেনোয়াঁ, সেজান এবং মাতিসের তিনটি চিত্রকর্ম উদ্ধার করেছে, যেগুলোর বাজারমূল্য কয়েক মিলিয়ন ইউরো। পুলিশ শুক্রবার জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে পারমা শহরের কাছের একটি বেসরকারি জাদুঘর থেকে এই শিল্পকর্মগুলো চুরি হয়েছিল।
ইতালির কারাবিনিয়েরি আর্ট রিকভারি স্কোয়াডের এক বিবৃতিতে বলা হয়েছে, কৌঁসুলিদের নির্দেশে পরিচালিত অভিযানের মাধ্যমে চিত্রকর্মগুলো উদ্ধার করা হয়েছে। তবে এই তদন্ত এখনো চলমান থাকায় অভিযানের বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
উদ্ধার হওয়া চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে অগাস্ট রেনোয়াঁর ‘ফিশ’, পল সেজানের ‘স্টিল লাইফ উইথ চেরিজ’ এবং অঁরি মাতিসের ‘ওডালিস্ক অন দ্য টেরেস’। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেজানের চিত্রকর্মটির মূল্য ৬ মিলিয়ন ইউরো (প্রায় ৭ মিলিয়ন ডলার), রেনোয়াঁরটির মূল্য ৩ মিলিয়ন ইউরো (প্রায় ৩.৫ মিলিয়ন ডলার) এবং মাতিসের চিত্রকর্মটির মূল্য ২০ হাজার ইউরো (প্রায় ২৩ হাজার ডলার)।
পারমা থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত মাগানি রোকা ফাউন্ডেশনে গত ২২-২৩ মার্চের রাতে এই চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ জানায়, চোরেরা জাদুঘরের প্রবেশপথের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চোরেরা তিন মিনিটেরও কম সময়ে চিত্রকর্মগুলো নিয়ে জাদুঘরের বাগান দিয়ে পালিয়ে যায়।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি শিল্প ইতিহাসবিদ লুইজি মাগানি’র ব্যক্তিগত সংগ্রহশালা হিসেবে পরিচিত। এই সংগ্রহে ডুরার, রুবেনস, ভ্যান ডাইক, গোয়া এবং মোনের মতো বিখ্যাত শিল্পীদের কাজও রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জাদুঘর কর্তৃপক্ষ মনে করে কোনো একটি সুসংগঠিত চক্র এই চুরির সঙ্গে জড়িত ছিল, তবে অ্যালার্ম বেজে ওঠায় তাদের পরিকল্পনা বাধাগ্রস্ত হয়।
ইউরোপের বড় বড় জাদুঘরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু আলোচিত চুরির ঘটনার ধারাবাহিকতায় এই অপরাধ সংঘটিত হয়েছে। এর আগে অক্টোবরে প্যারিসের লুভর জাদুঘর থেকে ৮৮ মিলিয়ন ইউরো (প্রায় ১০১ মিলিয়ন ডলার) মূল্যের ফরাসি রাজকীয় অলংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছিল।






























