আর্সেনালের ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইতালিয়ান সিরি আ-র দুই ক্লাব নাপোলি ও রোমা। সম্প্রতি তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের ৪৫ মিলিয়ন ইউরোর একটি বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। এরপরই ইতালির এই ক্লাব দুটি তাঁর বিষয়ে আর্সেনালের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে।
স্পোর্তইতালিয়ার সাংবাদিক জানলুইজি লোঙ্গারি জানিয়েছেন, নাপোলি ইতিমধ্যেই মার্তিনেল্লির বিষয়ে আর্সেনালের সঙ্গে আলোচনা করেছে। এর আগে রোমাও এই ব্রাজিলিয়ান তারকাকে তাদের আক্রমণভাগ শক্তিশালী করার জন্য অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছিল। এফসি পোর্তো থেকে রদ্রিগো মোরাকে দলে নেওয়ার আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থবির হয়ে পড়ায় রোমা বিকল্প হিসেবে মার্তিনেল্লির দিকে ঝুঁকেছে। মূলত মোরাকে স্থায়ীভাবে কেনার শর্তসংক্রান্ত জটিলতার কারণেই পোর্তোর সঙ্গে রোমার আলোচনা আটকে যায়।
গত জুনে ২৫ বছরে পা দেওয়া মার্তিনেল্লির সঙ্গে আর্সেনালের বর্তমান চুক্তির মেয়াদ এই মৌসুমের শেষেই শেষ হতে যাচ্ছে। তবে গানার্সদের সামনে তাঁর চুক্তি আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তবে নাপোলির জন্য এই ট্রান্সফারে সবচেয়ে বড় বাধা হতে পারে মার্তিনেল্লির বেতন। কারণ ক্লাবটির নির্দিষ্ট কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে যা তাদের মেনে চলতে হবে।
তাছাড়া মার্তিনেল্লিকে দলে টানার আগে খেলোয়াড় বিক্রি করে অর্থ জোগাড় করতে হবে নাপোলিকে। বর্তমানে তাদের ট্রান্সফার তালিকায় রয়েছেন নোয়া লাং, সিরিল এনগোঙ্গে এবং লরেঞ্জো লুকা। এর আগে ক্লাবটি রোমেলু লুকাকুকে ৬ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত বোনাসের (অ্যাড-অনস) বিনিময়ে ফেনেরবাচের কাছে বিক্রি করেছে।



























