চেলসির ইউক্রেনীয় উইঙ্গার মিখাইলো মুদরিক ডোপিংয়ের কারণে দীর্ঘ ২০ মাস প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে থাকার পর অবশেষে মাঠে ফিরেছেন। সম্প্রতি ডোপিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর এই উইঙ্গার তার কঠিন দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। চেলসি ফুটবল ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাঠের বাইরে থাকার এই দীর্ঘ সময়টা তার কাছে "১৮ মাসের এক প্রাক-মৌসুম" প্রস্তুতির মতোই মনে হয়েছে।
ডোপিংয়ের দায়ে সাময়িক ও পরবর্তীতে পূর্ণ মেয়াদে নিষিদ্ধ থাকার কারণে চেলসির মূল ভেন্যুতে অনুশীলন বা ক্লাবের কোচিং স্টাফদের সাথে কাজ করার কোনো সুযোগ ছিল না ২৫ বছর বয়সী এই ফুটবলারের। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই কঠিন সময়ে নিজেকে ফিট রাখতে মুদরিক ব্যক্তিগত কোচ ও গোলরক্ষক ভাড়া করেছিলেন এবং নন-লিগের ক্লাব আক্সব্রিজের মাঠে কঠোর অনুশীলন চালিয়ে যান। সপ্তাহে ছয় দিন দিনে দুবার করে অনুশীলন, সঠিক সময়ে ঘুম ও কঠোর ডায়েট মেনে চলেছেন তিনি। তার লক্ষ্য ছিল ফুটবলের মূল স্রোতে ফিরে এসে আবারও নিজের সামর্থ্য প্রমাণ করা।
মুদরিকের এই নির্বাসনের সূত্রপাত হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে, যখন তাকে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ২০২৬ সালের এপ্রিলে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে ডোপিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করে চার বছরের নিষেধাজ্ঞা দেয়। তবে দমে না গিয়ে তিনি স্পোর্টস আরবিট্রেশন কোর্টে (সিএএস) আপিল করেন। ২০২৬ সালের জুলাইয়ে সিএএস তার আপিল মঞ্জুর করার পর এফএ-র সাথে ডোপিং মামলার নিষ্পত্তি ঘটে এবং তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাত্র কয়েক দিনের মাথায় হংকংয়ে চেলসির প্রাক-মৌসুম সফরে যোগ দেন মুদরিক। সেখানে জুভেন্টাস, এসি মিলান এবং জোহর দারুল তা’জিমের বিপক্ষে চেলসির শেষ তিনটি প্রীতি ম্যাচেই মাঠে নামেন তিনি। সতীর্থদের সাথে আবারও অনুশীলনে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ইউক্রেনীয় তারকা।
মুদরিকের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানালেও চেলসির নতুন কোচ জাবি আলোনসো মনে করেন, সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এই উইঙ্গারের আরও কিছুটা সময় লাগবে। টটেনহ্যামের বিপক্ষে চেলসির ২-১ ব্যবধানে প্রীতি ম্যাচ হারের পর আলোনসো বলেন, মুদরিক দীর্ঘদিন একা একা অনুশীলন করেছেন, তাই তাকে দলের অংশ হিসেবে অনুভব করানো জরুরি। ক্লাব, সতীর্থ এবং স্টাফদের পূর্ণ সমর্থন তার সাথে রয়েছে। তবে আগের সেই চেনা মুদরিককে ফিরে পেতে কিছুটা ধৈর্য ধরতে হবে বলে সতর্ক করেছেন এই স্প্যানিশ কোচ।































