আগামী ১৫ আগস্টকে ঘিরে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিশ্ছিদ্র ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির নেওয়া বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট মোতায়েন করা থাকবে। এসব ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া রাজধানীজুড়ে পিকেট ডিউটি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে সক্রিয় থাকবেন। পাশাপাশি সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করবেন। সার্বিক পরিস্থিতি জোরদার করতে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিমকেও মোতায়েন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।
জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ ও অফিসার মোতায়েন থাকবে। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।































