আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের সির গ্রামে এক বাসিন্দার ব্যক্তিগত বাগান থেকে সোভিয়েত আমলের ৫০০ কেজি ওজনের একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। গজনি পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দিলে পুলিশ মাইন অপসারণকারী দলকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকৃত বোমাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সেটিকে একটি নির্জন পাহাড়ি এলাকায় স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে ধ্বংস করা হয়। স্থানীয় বাসিন্দার সতর্কতার কারণে এ যাত্রায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
১৯৮৯ সালে প্রায় এক দশকের যুদ্ধ শেষে সোভিয়েত সেনারা আফগানিস্তান ত্যাগ করলেও দীর্ঘদিনের সংঘাতের ফলে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে বিপুল পরিমাণ মাইন, অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ ছড়িয়ে রয়েছে। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সাল থেকে এসব বোমার আঘাতে আফগানিস্তানে ৪৫ হাজারের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন, যার একটি বড় অংশই শিশু।
বর্তমানে এই প্রাণঘাতী ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা বড় বাধার মুখে পড়েছে। অর্থায়ন ও প্রযুক্তিগত সংকটের কারণে বিগত দুই বছরে মাইন অপসারণকারী দলের সংখ্যা প্রায় ৬৪ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে দেশটির গ্রাম ও দুর্গম অঞ্চলের বাসিন্দারা দৈনন্দিন কৃষিকাজ ও চলাচলের ক্ষেত্রে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন।






























