যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ সেশনের মতো অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার লেনদেন শেষে তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে রেকর্ড করা হয়েছিল।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনার সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরবিরোধী বক্তব্য বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই নৌপথের ওপর নির্ভরশীল হওয়ায় সেখানে যেকোনো ধরনের বাধা বা উত্তেজনা আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের পরবর্তী গতিপথ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতির ওপর তেলের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অনেকটাই নির্ভর করবে।






























