পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি চিকিৎসার পর অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ দেশের সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক মেডিকেল প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
গত সোমবার (১৭ আগস্ট) ইমরান খানের শারীরিক অবস্থা সংক্রান্ত এই প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত একটি আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ওই আবেদনে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসা, পরিবারের সদস্যদের সাথে নিয়মিত সাক্ষাৎ এবং ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার অনুমতি চেয়েছেন পিটিআই প্রধান।
কারা প্রশাসনের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের চিকিৎসার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কারা চিকিৎসকেরা প্রতিদিন তিনবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন। এ সময় তাঁর রক্তচাপ, হৃৎস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা এবং খাবারের মান পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি তাঁর চিকিৎসার যাবতীয় নথিপত্রও সংরক্ষণ করা হচ্ছে।
তবে কারা কর্তৃপক্ষের এই প্রতিবেদনে ইমরান খানের কিছু শারীরিক সমস্যার কথাও উঠে এসেছে। গত ১ থেকে ১০ আগস্টের মেডিকেল নথিতে তাঁর রক্তচাপের ওঠানামা, হৃৎস্পন্দন বৃদ্ধি, মাথাব্যথা এবং অস্থিরতার উল্লেখ রয়েছে। চিকিৎসকদের মতে, স্ত্রী, পরিবার ও সহকর্মীদের সাথে নিয়মিত দেখা করতে না পারার কারণে সৃষ্ট মানসিক চাপের ফলে এই উপসর্গগুলো দেখা দিয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, এ পর্যন্ত ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির মধ্যে ৮৪ বার সাক্ষাৎ হয়েছে। প্রতি সপ্তাহের মঙ্গলবার তাঁদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়ে থাকে। বর্তমানে ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। তাঁর স্ত্রী বুশরা বিবিও একই কারাগারে বন্দি রয়েছেন।
যদিও কারা কর্তৃপক্ষ ইমরান খানের চোখের দৃষ্টির উন্নতির কথা জানিয়েছে এবং দাবি করেছে যে তাঁদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তবে পিটিআই তাঁর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।





























