যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় গভর্নর পদপ্রার্থী বাছাইয়ের নির্বাচনে জয় পেয়েছেন কংগ্রেস সদস্য বায়রন ডোনাল্ডস। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট ডোনাল্ডস বেশ বড় ব্যবধানেই তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন। বর্তমান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে থাকা ডোনাল্ডস তিনবারের কংগ্রেস সদস্য এবং সাবেক ফ্লোরিডা রাজ্য আইনপ্রণেতা। ট্রাম্প তাকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর আগেই সমর্থন দিয়েছিলেন, যা ফ্লোরিডার রিপাবলিকান রাজনীতিতে ট্রাম্পের ক্রমবর্ধমান প্রভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
এই লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর জে কলিন্স। তিনি মূলত ডিস্যান্টিসের উত্তরাধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে প্রচারণা চালিয়েছিলেন। যদিও ডিস্যান্টিস নিজে তাকে প্রকাশ্যে সমর্থন দেননি, তবে কলিন্স বারবার তার প্রতি গভর্নরের আস্থা ও নিয়োগের বিষয়টি ভোটারদের সামনে তুলে ধরেছিলেন। ডিস্যান্টিসকে ছাড়াই আসন্ন গভর্নর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ফ্লোরিডার রিপাবলিকানরা।
অন্যদিকে, ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারিতে বড় ধরনের অঘটনের জন্ম দিয়েছেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক অ্যাঞ্জি নিক্সন। তিনি সাবেক সেনা কর্মকর্তা অ্যালেক্স ভিন্ডম্যানকে পরাজিত করেছেন। ভিন্ডম্যানের তুলনায় প্রচারণায় বিশাল আর্থিক সংকটে ছিলেন নিক্সন। তথ্যমতে, ভিন্ডম্যান প্রচারণায় প্রায় ১৬ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন, যেখানে নিক্সন ব্যয় করেছিলেন মাত্র ১ মিলিয়ন ডলার। আর্থিক বৈষম্য সত্ত্বেও নিক্সনের এই জয় প্রথাগত দাতাদের সমর্থিত প্রার্থীদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
নিক্সনের এই জয়ের পর শীর্ষ ডেমোক্র্যাট নেতারা তাকে সমর্থন দিয়েছেন। সিনেট ডেমোক্র্যাটিক লিডার চাক শুমার এবং ডেমোক্র্যাটিক সিনেটোরিয়াল ক্যাম্পেইন কমিটির চেয়ার কার্স্টেন গিলিব্র্যান্ড এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, নভেম্বরের নির্বাচনে ফ্লোরিডার ভোটাররা একটি স্পষ্ট বিকল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ার কেন মার্টিনও নিক্সনের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এবং ফ্লোরিডার মানুষের জন্য কাজ করতে তারা নিক্সনের সঙ্গে মিলে কাজ করতে প্রস্তুত।






























