আসন্ন নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৭ মৌসুমকে সামনে রেখে ইউপি ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি তাদের স্কাউটিং প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের সাবেক তারকা স্পিনার নীতু ডেভিডকে। তিনি এই দায়িত্বে রাজীব দত্তের স্থলাভিষিক্ত হচ্ছেন। ৪৮ বছর বয়সী নীতু ডেভিড কোচ অভিষেক নায়ারের নেতৃত্বাধীন সাপোর্ট স্টাফদের অংশ হিসেবে কাজ করবেন।
খেলোয়াড়ি জীবনে ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় ছিলেন নীতু ডেভিড। এই সময়ে তিনি ১০টি টেস্ট এবং ৯৭টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ১৮২টি উইকেট শিকার করেছেন। ১৯৯৫ সালে জামশেদপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৩ রানে ৮ উইকেট নেওয়ার কৃতিত্ব তার, যা নারী টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সেরা বোলিং ফিগারের রেকর্ড।
এর আগে তিনি ভারতীয় নারী জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন এই ভূমিকায় তার মূল লক্ষ্য হবে ঘরোয়া ক্রিকেটের ক্রমবর্ধমান ইকোসিস্টেম থেকে উদীয়মান প্রতিভা খুঁজে বের করা।
নারী প্রিমিয়ার লিগের চার বছরের ইতিহাসে ইউপি ওয়ারিয়র্স খুব একটা সফল হতে পারেনি। ৩৩টি ম্যাচে তারা জয় পেয়েছে মাত্র ১২টিতে (একটি টাই ম্যাচসহ)। প্রথম মৌসুমে প্লে-অফে উঠলেও, পরবর্তী তিন মৌসুমে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। বিশেষ করে গত দুই মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করেছে দলটি, আর ২০২৪ সালে তাদের অবস্থান ছিল চতুর্থ।






























