দেশের ৬৪টি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিরোধী দলের ১১ জন সংসদ সদস্যের পক্ষ থেকে আইনজীবী শিশির মনির আজ রবিবার এই রিট আবেদনটি দায়ের করেন।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের বিষয়টি জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। এই প্রজ্ঞাপনের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। রিট আবেদনকারী সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন এবং মো. জহিরুল ইসলাম। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। সেই সময়েও বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন। তিনি আরও দাবি করেন যে, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী বর্তমান এই সিদ্ধান্তটি আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি।





























