পারিবারিক বিবাদের সময় স্বামীকে ফুলদানি দিয়ে মাথায় আঘাত এবং কামড়ানোর দায়ে এক জর্ডানি নারীকে দুই সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী স্বামী আইনি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের সপক্ষে তিনি একটি মেডিকেল রিপোর্টও জমা দেন, যেখানে তার মাথায় আঘাত এবং কামড়ের কারণে বাম কাঁধে ক্ষতচিহ্নের বিষয়টি উঠে আসে। আঘাতের তীব্রতার কারণে তিনি টানা পাঁচ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকতে বাধ্য হয়েছিলেন।
ভুক্তভোগী স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি ফৌজদারি মামলাও দায়ের করেন। আদালতে নিজের কর্মকাণ্ডের কথা স্বীকার করলেও অভিযুক্ত নারী দাবি করেন, এটি ছিল আত্মরক্ষার একটি প্রয়াস। তার ভাষ্যমতে, ঝগড়ার এক পর্যায়ে স্বামী তাদের সন্তানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে তিনি সন্তানকে বাঁচাতে বাধ্য হয়ে ফুলদানিটি নিক্ষেপ করেন। এছাড়া তিনি অতীতে স্বামীর শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথাও তুলে ধরেন। তার অভিযোগ, স্বামী তাকে মারধর, চুল টেনে ধরা, ঘর থেকে বের করে দেওয়া এবং ফোন কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন।
তবে আম্মান কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স আপিল আদালত এই যুক্তি গ্রহণ করেনি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আত্মরক্ষার অজুহাতে ফুলদানি দিয়ে আঘাত করাটা ছিল পরিস্থিতির তুলনায় অসামঞ্জস্যপূর্ণ। আদালত তার কর্মকাণ্ডে অপরাধমূলক উদ্দেশ্য খুঁজে পেয়েছে এবং নিম্ন আদালতের দেওয়া দুই সপ্তাহের কারাদণ্ডের রায় বহাল রেখেছে।
সূত্র: গালফ টুডে































